সর্বোচ্চ কর প্রদানকারী ১৪২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড প্রদানের মাধ্যমে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এছাড়া সেরা সর্বোচ্চ করদাতা হিসেবে ঢাকা বিভাগের আরো ৬৩ জনকে সম্মাননা দেওয়া হয়। গতকাল রাতে রাজধানীর রেডিসন হোটেলে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেন, দেশে চার কোটি মানুষ কর প্রদানে সক্ষম হলেও করের আওতায় আসেননি। এর কারণ মানুষের মধ্যে এখনো করভীতি কাজ করে। আবার আচরণ (কর্মকর্তাদের) ভালো পায় না। অনেকের ধারণা, কর দেওয়া শুরু করলে আর বের হতে পারবেন না। তিনি আরো বলেন, করের হার কমিয়ে আওতা বাড়ানো হবে। তবে লক্ষ্যমাত্রা কমানো হবে না। কীভাবে করের আওতা বাড়িয়ে করহার কমিয়ে লক্ষ্যমাত্রা অর্জন করা যায়, তা পর্যালোচনা করা হচ্ছে। এ সময় এনবিআর চেয়ারম্যান করদাতাদের হয়রানি না করতে কর্মকর্তাদের সতর্ক করে দেন। প্রসঙ্গক্রমে তিনি সেরা করদাতা নির্বাচিত হওয়া জর্দা ব্যবসায়ী কাউছ মিয়ার ইস্যু তোলেন। তিনি বলেন, কাউছ মিয়াকে সম্মাননা না দিতে মানববন্ধন করা হয়। কিন্তু তিনি বেশি কর দেন। কাউছ মিয়া আমাদের রত্ন। এসময় বক্তব্য দিতে এসে কাউছ মিয়া বলেন, জর্দার কৌটায় আমার ছবি দেখেন বলে মনে করেন আমি জর্দা ব্যবসায়ী। আসলে তা নয়। আমার আরো অনেক ব্যবসা আছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান প্রমুখ।
