পাবনার চাটমোহরে পুকুর থেকে সোহাগ হোসেন (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুণ্ডা গ্রামের হাজী মেহের উদ্দিনের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত যুবক চক উথুলী গুচ্ছ গ্রামের শওকত আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সোহাগ হোসেনের মা-বাবার অনেক আগেই বিচ্ছেদ হয়। মা স্বপ্না খাতুনের অন্যত্র বিয়ে হয়েছে। সোহাগ গুচ্ছগ্রামে নানার বাড়িতেই থাকতো এবং বিল্ডিংয়ে স্টাইলস এর কাজ করতো। শুক্রবার সকাল ৭টার দিকে এলাকাবাসী পুকুরে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে চাটমোহর থানার ওসি সেখ মোঃ নাসীর উদ্দিন ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
ওসি সেখ নাসীর উদ্দিন জানান,কয়েকদিন আগে হয়তো তাকে হত্যা করে পুকুরে ফেলা হয়। লাশটি বিকৃত হয়ে গেছে। প্যান্টের পকেটের মানিব্যাগে নিজের ছবি ও পরিচয়পত্র দেখে এলাকাবাসী সনাক্ত করেন সোহাগের মৃতদেহ।
ইত্তেফাক/এমআরএম
