সোনারগাঁয়ে সংস্কারের অভাবে হোসেনপুর সড়কের বেহালদশা

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ১৫:৩৩

দীর্ঘদিন সংস্কারের অভাবে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে শুরু হয়ে ভায়া মঙ্গলেরগাঁও বটতলা বাজার থেকে হোসেনপুরগামী সড়কটির অনেকাংশে বৃষ্টির কারণে পানি জমে খানা-খন্দে, বেহাল দশায় মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে। সড়কের পাশে রয়েছে দূর্গাপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়, কাজিরগাঁও হাজী তমিজ উদ্দিন মাদ্রাসা, একই অবস্থানে চৌধুরীগাঁও সরকারি প্রাথমিক ও চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়, হোসেনপুর এলাকায় হোসেনপুর কলেজ, হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, হোসেনপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, হোসেনপুর ভূমি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

প্রতিদিন এ সড়কে উপজেলা সদরে যাওয়া এবং মেঘনাঘাট এলাকায় অবস্থিত বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত শ্রমিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি চাকুরিজীবি ও ব্যবসায়ীসহ হাজার হাজার মানুষের চলাচল। এ সড়কে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি চাকুরিজীবি ও কারখানায় কর্মরত শ্রমিকসহ সাধারণ মানুষ আসা যাওয়ার সময় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। এতে করে ওই এলাকার যাত্রীরা প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছে। বিগত সরকার আমলে মঙ্গলেরগাঁও, দূর্গাপ্রসাদ, কাজিরগাঁও, চৌধুরীগাঁও, তাতুয়াকান্দি, রামগোবিন্দেরগাঁও, মনাইয়েরকান্দি, মুগারচর, টেকপাড়া, ভিটিকান্দি, হোসেনপুর, চেলারচর, দশদোনা নয়াগাঁও, একরামপুরা, নবীনগর, এলাহীনগর, ইসলামপুর, ফরদি ও শম্ভুপুরাসহ স্থানীয় এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে এবং এলাকায় উৎপাদিত কৃষি পণ্যের বাজারজাত করা, রোগী নিয়ে সহজে উপজেলা সদর হাসপাতালে যাওয়া, মালবাহী বিভিন্ন পরিবহন ও ব্যবসায়ীদের দ্রুত বাজার হাটে পৌছানোর জন্য ও কারখানায় কর্মরত শ্রমিকেরা সহজে কর্মস্থলে যাওয়ার লক্ষে সড়কটি মোগরাপাড়া চৌরাস্তা থেকে শুরু হয়ে ভায়া মঙ্গলেরগাঁও বটতলা বাজার থেকে শম্ভুপুরা পর্যন্ত একটি কাঁচা সড়ক নির্মাণ করা হয়। নির্মাণাধীন সড়কটি স্থানীয় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে বিগত কয়েক বছর পূর্বে পাকা করা হয়। এরপর খানা খন্দে ভরা বেহাল সড়কটি দীর্ঘদিন সংস্কারের আর কোন উদ্যোগ গ্রহণ করেনি কোন সরকার। স্থানীয় এলাকাবাসী বিভিন্ন সময় জনপ্রতিনিধি বরাবর ও সড়ক জনপদের বিভিন্ন দপ্তরে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও কোন সরকারই রাস্তাটি পুনঃসংস্কারের ব্যবস্থা গ্রহণ করেনি। বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে কয়েক বছরে রাস্তাটি ভেঙ্গে খানা খন্দে, বড় বড় গর্তের সৃষ্টি হয়।

এখন সড়কটি ভেঙ্গে পুরোপুরি চলাচল অনুপযোগী হয়ে মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে। নির্বাচন পূর্ববতী সময়ে জনপ্রতিনিধিরা রাস্তাটি পুনঃসংস্কারের জন্য কথা দিলেও কেউ কথা রাখেনি। শম্ভুপুরা ইউনিয়নের এলাকাবাসী স্থানীয় সাংসদসহ এলজিইডির কর্তা ব্যক্তিদের কাছে এ ব্যাপারে বারবার আবেদন করে অবহিত করলেও তারা সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ না করায়, চরম অবহেলিত এ সড়কটি দিয়ে চলাচলরত পথচারীদের দূর্ভোগ আজ চরমে পৌঁছেছে।

ইত্তেফাক/আরকেজি