বরিশালের উজিরপুরের সাতলা এলাকায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই বখাটের বিরুদ্ধে। ধর্ষণ শেষে ঐ ছাত্রীর মুখে পলিথিন বেঁধে ডোবায় বাঁশ পুঁতে তাকে বেঁধে রাখা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে পুলিশ আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জল্লা ইউনিয়নের এক স্কুলের সপ্তম শ্রেণির ঐ ছাত্রী (১৩) বৃহস্পতিবার সন্ধ্যায় হাঁস খুঁজতে পাশের মাছের ঘেরে গেলে দুই শ্রমিক তাকে আটকে রাখে। পরে রাতে তাকে একটি মুরগির খামারে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে তার মুখে পলিথিন পেঁচিয়ে একটি ডোবায় বাঁশ পুঁতে তাকে বেঁধে রাখে। রাতে পরিবার ও এলাকাবাসী মাছের ঘেরে গিয়ে মেয়েটিকে ডোবায় বাঁধা অবস্থায় উদ্ধার করে এবং অভিযুক্ত দুই জনকে আটক করে পুলিশে দেয়।
আটককৃতরা হলো নুরুল ইসলাম ও তরিকুল ইসলাম। এদের মধ্যে তরিকুলের বাড়ি গোপালগঞ্জে এবং নুরুল ইসলামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায়।
এ ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেছে ধর্ষণের শিকার মেয়েটির পরিবার।
এদিকে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার শের-ই-বাংলা মেডিক্যালে পাঠিয়েছে উজিরপুর থানা পুলিশ।
অভিযুক্ত দুই জনের বিরুদ্ধে মামলা দায়েরসহ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।
