সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২১:০৯

রাণীনগরে সার ও বীজ বিতরণ

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা নওগাঁর রাণীনগরে রাজস্ব প্রকল্পের আওতায় উন্নত মানের সরিষা বীজ উত্পাদনের লক্ষে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। কৃষকরা তাদের নিজের জমিতে সরিষা চাষ করার মাধ্যমে বীজ উত্পাদন করে নিজেরাই সংরক্ষন ও বাজারজাত করবেন। এই লক্ষ্যেই বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা প্রাঙ্গনে উপজেলার ৮টি কৃষক দলের ৩০জন কৃষকের মধ্যে উন্নত মানের বারি সরিষা-১৪ ও ১৫ জাতের সরিষার বীজ, সার, বালাইনাশক, চালনী, ড্রামসহ অন্যান্য উপকরন বিনামূল্যে বিতরণ করা করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক প্রতিরোধে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপূজা উপলক্ষে উপজেলার পীড়ারবাড়ি গ্রামের যুবসমাজের উদ্যোগে রুপচাঁদ মল্লিকের বাড়িতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কোটালীপাড়া থানার ওসি শেখ লুত্ফর রহমান এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

কোটালীপাড়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা

কোটালীপাড়া ( গোপালগঞ্জ) সংবাদদাতা দূর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান শুরু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ফেসবুক গ্রুপ ‘দৈনিক কোটালীপাড়া (ডিকে)’ এর আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুত্রবার উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা পরিষদ চত্ত্বরে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা শেষে দৈনিক কোটালীপাড়া (ডিকে) এর ২শতাধিক সদস্য দূর্নীতি প্রতিরোধে শপথ গ্রহণ করেন।

পাকুন্দিয়ায় ১ হাজার কৃষকের মধ্যে বীজ-সার বিতরণ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা  কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ সার ও বীজ বিতরণ করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ। উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা কৃষি অফিসার সাইফুল হাসান আলামিন, পৌর মেয়র আক্তারুজ্জামান খোকন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন প্রমুখ।

বকশীগঞ্জে কম্বল বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা  বকশীগঞ্জে সমাজসেবা সংগঠনের উদ্যোগে হতদরিদ্র ৫ শতাধিক শীতার্ত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে পৌর শহরের চরকাউরিয়া খামারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাজসেবা সংগঠন ও ফেসবুক ফ্রেন্ড সার্কেল কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান সমাজসেবক ফখরুজ্জামান মতিন। সমাজসেবা সংগঠনের সভাপতি সুজন সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

কাঠালিয়ায় মুক্তিযোদ্ধার ভাতার টাকায় শীতবস্ত্র বিতরণ

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা ঝালকাঠির কাঠালিয়ায় ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন এক মুক্তিযোদ্ধা। তার ভাতার টাকা দিয়ে শীতবস্ত্র বিতরণ করেন। শুক্রবার ঢাকাস্থ কাঠালিয়া-রাজাপুর উপজেলা নাগরিক মঞ্চের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক নির্বাচিত প্রতিনিধি মো. গিয়াসউদ্দিন বাচ্চু সিকদার তার মুক্তিযোদ্ধার ভাতার টাকা দিয়ে কাঠালিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা, প্রয়াত মুক্তিযোদ্ধা সন্তান, গুণীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৩০০ জন মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, গুণীজন ও সাংবাদিক উপস্থিত ছিলেন।  

চাঁপাইনবাবগঞ্জে  সহস্রাধিক লোকের চক্ষু পরীক্ষা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির উদ্যোগে এবং অন্ধ কল্যাণ সমিতি পরিচালিত চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের সহযোগিতায়  চাঁপাইনবাবগঞ্জে গতকাল শুক্রবার দরিদ্রদের বিনামূল্যে ছানিপড়া চোখ অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়েছে। দিনভর বাছাইকালে জেলার পাঁচ উপজেলার সহস্রাধিক রোগীর চোখ পরীক্ষা এবং বিনামূল্যে চিকিত্সা প্রদান করা হয়। নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে রোগী বাছাই করা হয়। প্রাথমিকভাবে বাছাইকৃত রোগীদের আগামী ২৯ নভেম্বর ছানি অপারেশন করা হবে বলে জানান সংগঠনটির প্রচার সম্পাদক মো. জহিরুল ইসলাম।

ফেনীতে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু

পরশুরাম সংবাদদাতা ফেনীতে চার দিনব্যাপী আয়কর মেলা শুক্রবার সকালে শহরের ভাষা শহিদ সালাম কমিউনিটি সেন্টারে শুরু হয়েছে। ফেনীর কর সার্কেলসমূহ ও কর অঞ্চল কুমিল্লার ফেনীতে ১৫ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এই আয়কর মেলার আয়োজন করেছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে ও পায়রা উড়িয়ে আয়কর মেলা উদ্বোধন করেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহমেদ চৌধুরী। এ সময় কর অঞ্চলের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ফুলবাড়ীতে ঋষি বিদ্যাপীঠের শোভাযাত্রা-আলোচনা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা ‘ব্রহ্মচার্য শিক্ষা কর, ব্রহ্মচার্য পালন কর, মাদকমুক্ত সমাজ গড়, বাল্যবিবাহ বন্ধ কর’—এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্রজীবনে ব্রহ্মচার্য শিক্ষার গুরুত্ব ও ধর্মীয় নৈতিক শিক্ষা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভা ও ভক্তিমূলক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঋষি বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে শুক্রবার দুপুরে কমলাকান্ত সেনের বাড়ির উঠানে কাশিপুর মাসানের পাঠ সেনপাড়া ঋষি বিদ্যাপীঠের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাবু মুকুল চন্দ্র শীলের সভাপতিত্বে ধর্মীয় আলোচনা হয়।

সুগারক্রপে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে তিন দিনব্যাপী বার্ষিক গবেষণা কর্মসূচি পর্যালোচনা কর্মশালা শুক্রবার প্রতিষ্ঠানের মিলনায়তনে শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মান্নান এমপি। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (ফসল) আব্দুর রাজ্জাক ও বগুড়া জেলা পরিষদের সদস্য শাহানারা মান্নান।

গোয়ালন্দে হেপাটাইটিস-বি ভাইরাস নিয়ে মুক্ত আলোচনা

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা  প্রাণঘাতী হেপাটাইটিস-বি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দে আহম্মেদ আলী মৃধা গণগ্রন্থাগারে এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। স্থানীয় এপিক ভ্যাকসিনেশন সেন্টার নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান এর আয়োজন করে। মুক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হেপাটাইটিস-বি এর ভয়াবহতা তুলে ধরে সুস্থ থাকতেই প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে এর প্রতিষেধক ভ্যাকসিন নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন গোয়ালন্দ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ।

কালিহাতীতে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা

কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা টাঙ্গাইলের কালিহাতীতে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপার সভাপতিত্বে শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানানো হয়। বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাসান ইমাম খান সোহেল হাজারী। আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল হাসান ছিলেন।