‘নতুন মাত্রায় পৌঁছেছে চীন-রাশিয়া সম্পর্ক’

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২১:১৮

চীন ও রাশিয়ার বর্তমান সম্পর্ক এক নতুন মাত্রায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ব্রাজিলে অনুষ্ঠিত পাঁচ জাতিগোষ্ঠীর জোট ব্রিক্সের শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই দেশের শীর্ষ নেতার বৈঠকে চীনা প্রেসিডেন্ট এ কথা বলেন।

রুশ প্রেসিডেন্টের সঙ্গে চীনের বর্তমান শক্তিশালী সম্পর্কের প্রশংসা করে শি বলেন, নিজেদের ঐক্যকে শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে চীন ও রাশিয়া। তিনি উন্নয়নের জন্য এ সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার গতি বাড়ানোর আহ্বান জানান শি। একই সঙ্গে তিনি অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা এবং যৌথভাবে একটি সুষ্ঠু ও সুন্দর আন্তর্জাতিক পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। শি জিনপিং বলেন, ‘নতুন একটি অধ্যায়ের জন্য আমরা যৌথভাবে চীন ও রাশিয়ার মধ্যে সহযোগিতার ক্ষেত্রে পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠা ও দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠা করব।’

বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, চীন-রাশিয়ার বর্তমান সম্পর্ক খুবই সুদৃঢ় এবং বাইরের কোনো শক্তি তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক গভীর বন্ধুত্ব, পারস্পরিক আস্থা, ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগিতা, পারস্পরিক লাভজনক অর্থনৈতিক সহযোগিতা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত। প্রেসিডেন্ট পুতিন জোর দিয়ে বলেন, বৈশ্বিক কৌশলগত নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে চীন ও রাশিয়া আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে একই দৃষ্টিভঙ্গি ধারণ করে।