সাভারে পলিথিনে মোড়ানো অজ্ঞাত ব্যক্তির মস্তকবিহীন ৭ টুকরা লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। সোমবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর পূর্বপাড়া আমেনা মসজিদের কাছে একটি সড়কের পাশ থেকে লাশের টুকরোগুলো উদ্ধার করা হয়। নিহতের অণ্ডকোষ দেখে লাশটি কোন পুরুষের বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোরে ফজরের নামাজের জন্য স্থানীয়রা মসজিদে যাচ্ছিলেন। এ সময় নিশ্চিন্তপুর-কাশিমপুর আঞ্চলিক সড়কের পাশেই একটি বড় পলিথিনে মোড়ানো বস্তু দেখতে পান তারা। পলিথিন ব্যাগটিতে রক্তের ছোট ছোট দাগ থাকায় পথচারীদের বিষয়টি সন্দেহ হয়। সন্দেহ দূর করতে ব্যাগটি নাড়াচাড়া করতেই মানবদেহের বিভিন্ন অংশের টুকরো দেখতে পেয়ে বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় অজ্ঞাত যুবকের মস্তকবিহীন ৭ টুকরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, লাশের টুকরোগুলোর সাথে পড়নের কোন জামাকাপড় ছিলনা। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে কয়েকদিন আগে অন্য কোথাও হত্যা করে লাশটি টুকরো টুকরো করে পলিথিনে ভরে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিলো। সোমবার রাতের কোন এক সময় পলিথিনে ভর্তি মৃতদেহের খণ্ডিত অংশগুলো রাস্তার পাশে ফেলে দিয়ে গেছে দুর্বৃত্তরা।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে মৃতদেহের বাকী অংশসহ মস্তকটি উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। পাশাপাশি নিহতের পরিচয় সনাক্তেরও চেষ্টা চলছে।
ইত্তেফাক/বিএএ
