জনগণের করের টাকায় পদ্মা সেতু হচ্ছে

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২১:২২

কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেছেন, জনগণের করের টাকায় সরকার পদ্মা সেতু করছে। এই কৃতিত্ব কিন্তু করদাতাদের। কক্সবাজারে হাজার কোটি টাকার উন্নয়নকাজ চলছে। আয়কর দাতা বাড়লে দেশের উন্নয়নও আরো বাড়বে।

কক্সবাজারে ৪ দিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে এমপি কমল এসব কথা বলেন। শুক্রবার দুপুরে বিয়াম ফাউন্ডেশন কক্সবাজারের আঞ্চলিক কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে কর অঞ্চল-৪ এর আয়োজনে মেলার উদ্বোধন করা হয়। আয়কর মেলার উদ্বোধনীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কর অঞ্চল-৪ এর কর কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান।

 ‘উদ্ভাবনে বাড়বে কর, দেশ হবে স্বনির্ভর’ এই প্রতিপাদ্যে বিয়াম ফাউন্ডেশন কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রে চলমান এই মেলা শেষ হবে ১৮ নভেম্বর। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আয়কর মেলার কার্যক্রম চলবে।

মেলায় ই-টিন সার্টিফিকেট, আয়কর রিটার্ন পূরণে সহায়তা প্রদান, আয়কর রিটার্ন গ্রহণসহ আয়কর বিষয়ে অন্যান্য সেবাসমূহ দেওয়া হবে বলে জানিয়েছেন সহকারী কর কমিশনার।