জন্মদিনে আমির হোসেন আমুকে শুভাকাঙ্ক্ষীদের ফুলেল শুভেচ্ছা

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২২:০৪

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ আমির হোসেন আমু এমপির ৭৯তম জন্মদিন পালন করেছেন তার শুভাকাঙ্ক্ষীরা। এই উপলক্ষ্যে কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও দলের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সহসভাপতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলম, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেত্রী তারিন জাহান, জোটের কেন্দ্রীয় নেতা মোত্তাছিম বিল্লাহ, নাহিদ হোসেনসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার রাজধানীর ইস্কাটনের বাসভবনে তাকে ফুল দিয়ে ও কেক কেটে শুভেচ্ছা জানান।

১৯৪১ সালের ১৫ নভেম্বর ঝালকাঠীর এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন আমির হোসেন আমু। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর কেবল দীর্ঘ কারা নির্যাতনই ভোগ করেননি, আওয়ামী লীগ পুনর্গঠন ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে দলের ঐক্যের প্রতীক হিসেবে স্বদেশে ফিরিয়ে আনতে অন্যতম ভূমিকা রাখেন আমু। ষাটের দশকের ছাত্র আন্দোলনে তিনি অগ্রভাগে ছিলেন। ১৫ আগস্ট পরবর্তী সময়ে যুবলীগ পুনর্গঠনেও তার ভূমিকা অনেক। আমির হোসেন আমু ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে কারাবরণ করেন।