চট্টগ্রামে ৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২২:২৭

চট্টগ্রামের নির্দিষ্ট একটি এলাকায় ২৪ ঘণ্টায় ৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১টা পর্যন্ত এসব রোগীকে শনাক্ত করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতাল।

বিআইটিআইডির ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের প্রধান ডা. মামনুর রশিদ জানান, ‘চট্টগ্রামে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমে আসলেও হঠাত্ করে ঘূর্ণিঝড় পরবর্তী গত কয়েকদিনে রোগীর সংখ্যা বেড়েছে। অবাক করা বিষয়, গতকাল পর্যন্ত শনাক্ত করা সব রোগী পাহাড়তলী এলাকার।’

বিআইটিআইডি সূত্র জানিয়েছে, ঘূর্ণিঝড় বুলবুলের পর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ছয় দিনে এ হাসপাতালে ২৯ জন রোগী ভর্তি হয়েছেন। সব রোগীই ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বিশ্ব কলোনী এলাকার।

ঐ ওয়ার্ডের কাউন্সিলর জহিরুল আলম জসিম দাবি করেছেন, ঘূর্ণিঝড় শুরু হওয়ার আগেও বিভিন্নভাবে পুরো ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। পুরো ওয়ার্ডে মশক নিধন কর্মসূচিও পালিত হয়। এরপরও কেন এই অবস্থা হচ্ছে তা তিনি খবর নিবেন।