ব্রাহ্মণবাড়িয়ার মন্দবাগ রেল স্টেশনে ভয়াবহ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত বিভাগীয় পর্যায়ের তদন্ত কমিটি রেলওয়ের মহাপরিচালকের (ডিজি) কাছে প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে দুর্ঘটনার জন্য তূর্ণা নিশীথার চালক, সহকারী চালক ও গার্ডকে দায়ী করা হয়েছে। এছাড়া ট্রেনের দুই চালক ঘুমে ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। গতকাল শুক্রবার ডিজি মো. শামছুজ্জামানের কাছে এই প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির সদস্যরা।
বিভাগীয় পর্যায়ের গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক মো. নাসির উদ্দিন এ প্রসঙ্গে জানান, বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেওয়ার শেষ সময় থাকলেও কিছু কাজ অসম্পূর্ণ থাকায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়া যায়নি। শুক্রবার আবারও ঘটনাস্থল পরিদর্শন করে সম্পূর্ণ প্রতিবেদন ডিজির কাছে জমা দেওয়া হয়। এ বিষয়ে রেলপথ মন্ত্রী ও ডিজি ঢাকায় ব্রিফ করার কথা রয়েছে।
তদন্ত প্রতিবেদনের কপি হাতে পাওয়া না গেলেও তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্ঘটনার জন্য তূর্ণা নিশীথার চালক তাছের উদ্দিন ও সহকারী অপু দেকে দায়ী করা হয়েছে। দায়িত্বে অবহেলার জন্য দায়ী করা হয়েছে গার্ড আব্দুর রহমানকে। দুই চালক ঘুমে ছিলেন—এ বিষয়ে কমিটি নিশ্চিত হয়েছে। কুয়াশা ও মাটির স্তূপের জন্য স্টেশনের সিগন্যাল দেখতে পাননি বলে চালকরা যে দাবি করেছে, তদন্তে তার সত্যতা মেলেনি।
