গতকাল শুক্রবার বিকালে সাভার সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী তিন বছরের জন্য উপজেলা শাখার সভাপতি হিসাবে হাসিনা দৌলা এবং সাধারণ সম্পাদক হিসাবে মঞ্জুরুল আলম রাজীবের নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনে মন্ত্রী বলেন, শুদ্ধি অভিযান ও শেখ হাসিনার একশন শুরু হয়ে গেছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখল চলবে না। যারা সন্ত্রাস, দুর্নীতি ও মাদক ব্যবসা করবে আওয়ামী লীগে তাদের কোনো জায়গা নেই। তাই সন্ত্রাস দুর্নীতি ও মাদককে না বলুন।
হাসিনা দৌলার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী স্থানীয় এমপি ডা. এনামুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এমপি, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান প্রমুখ।
