মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমসহ সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তৃতীয়বারের মতো জাতিসংঘে একটি প্রস্তাব পাশ হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের সামাজিক, মানবিক ও সাংস্কৃতিকবিষয়ক কমিটিতে (তৃতীয় কমিটি) বৃহস্পতিবার বিপুল ভোটে প্রস্তাবটি পাশ হয়।
এবারের প্রস্তাবে রোহিঙ্গা সংকট সমাধানে বিভিন্ন উপায়ের সঙ্গে মিয়ানমারকে কী কী পদক্ষেপ নিতে হবে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। তিনি বলেন, এই প্রস্তাব নিরাপত্তা পরিষদকে রোহিঙ্গা সমস্যার সমাধানে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে, যা নিরাপত্তা পরিষদের ওপর সরাসরি চাপ সৃষ্টি করবে।
ঢাকায় প্রাপ্ত খবরে জানা যায়, প্রস্তাবে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যর্থতার জন্য মিয়ানমারকে দায়ী করে সুস্পষ্ট রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন ও প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ তৈরিসহ সুনির্দিষ্ট ১০টি বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪০টি দেশ; বিপক্ষে দিয়েছে চীন ও রাশিয়াসহ নয়টি দেশ; এবং ভোট দেওয়া থেকে বিরত ছিল ৩২টি দেশ।
প্রস্তাবটি ভোটে যাওয়ার আগে এর পক্ষে ভোট দেওয়ার যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন ফিনল্যান্ড (ইইউ), কানাডা, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সৌদি আরব ও সুইজারল্যান্ডের প্রতিনিধিরা। তৃতীয় কমিটিতে গৃহীত এই প্রস্তাব আগামী মাসে সাধারণ পরিষদের প্লেনারিতে উপস্থাপিত হবে। ওআইসি ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষে প্রস্তাবটি এবার উপস্থাপন করে সংযুক্ত আরব আমিরাত ও ফিনল্যান্ড।
