কুড়িয়ে পাওয়া ব্যাগভর্তি টাকা ফিরিয়ে দিলেন কলেজছাত্র

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১৯:৫৮

রংপুরে কুড়িয়ে পাওয়া ৩ লাখ টাকা ফেরত দিলেন কলেজছাত্র প্রান্ত অধিকারী। তিনি বেসরকারি পলিটেকনিক আরসিআইটির টেক্সটাইল বিভাগের ৫ম সেমিস্টারের শিক্ষার্থী এবং নীলফামারীর ডোমারের রনজিত অধিকারীর ছেলে। 

শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে টাকাগুলো মূল মালিকের হাতে তুলে দেন মেট্রো পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ। 

আরপিএমপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা সহকারী পুলিশ কমিশনার আলতাব হোসেন জানান, প্রান্ত অধিকারী শুক্রবার বেতার কেন্দ্রের সামনে ব্যাগ ভর্তি ৩ লাখ কুড়িয়ে পান। পরে বিষয়টি কমিউনিটি পুলিশিং রংপুর মহানগর মেট্রোপলিটন কমিটির কোতয়ালী থানার সদস্য সচিব আব্দুল কাদের দিদারকে জানান। 

আরও পড়ুন: এবার সোহরাব, তবে প্রাণে বেঁচে গেছেন

পরবর্তীতে শনিবার পুলিশ ও রংপুর মহানগর মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের যৌথ প্রচেষ্টায় কুড়িয়ে পাওয়া টাকার প্রকৃত মালিক মো. ইব্রাহিমের হাতে টাকা গুলো তুলে দেওয়া হয়। 

এ সময় শিক্ষার্থী প্রান্ত অধিকারীসহ আরও উপস্থিত ছিলেন,  অতিরিক্ত মেট্রোপুলিশ কমিশনার আবু সুফিয়ান, রংপুর মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো. ইদ্রিস আলী, কোতয়ালী থানা সদস্য সচিব আব্দুল কাদের দিদার। 

ইত্তেফাক/এসি