আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা জানান, আগৈলঝাড়ায় আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহর নির্বাচনী উঠান বৈঠকে শুক্রবার অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা শাহজাহান সরদারের নেতৃত্বে উপজেলার ভদ্রপাড়া গ্রামে আওয়ামী লীগ আয়োজিত নৌকা মার্কার উঠান বৈঠকে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লাল মিয়া সরদারের সভাপতিত্বে উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক, স্থানীয় চার সমাজের সভাপতি, সাবেক ইউপি সদস্য, মুক্তিযোদ্ধা শাহজাহান সরদার ও তার নেতৃত্বে জাতীয় পার্টি ও বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। নেতাকর্মীরা উঠান বৈঠকের প্রধান অতিথি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।
যোগদানকারীদের মধ্যে অন্যতমরা হলেন- বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আঃ রহমান সরদার, বজলুল হক সরদার, ছাত্তার শিকদার ও আলতাফ হোসেন সরদার। উঠান বৈঠক ও যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুচ এমপি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা, উপজেলা সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সেরনিয়াবাত প্রমুখ।
