কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডাব্লিউএফপি) শুভেচ্ছা দূত ও আরবি ভাষার জনপ্রিয় চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী হেন্দ সাবরি। বৃহস্পতিবার তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
সফর নিয়ে তিনি বলেন, আমি রোহিঙ্গা পরিবারগুলোর সঙ্গে দেখা করতে চেয়েছি। দুর্দশা এবং মানবিকতার যে কোনো সীমানা নেই সেই বার্তা দিতে চেয়েছি। আমি বেশ কিছু নারীর সঙ্গে কথা বলেছি, যারা সত্যিকার অর্থেই অনুপ্রেরণা। পুরুষদের অবর্তমানে তারা এখন পরিবার প্রধানের দায়িত্ব পালন করছেন। এর মধ্যেও তাদের গল্পগুলো হূদয়বিদারক। ৩৯ বছর বয়সি এই তারকা অভিনেত্রী মূলত খাদ্য বন্টন, শিশু পুষ্টি, নারীদের দক্ষতা নিয়ে কাজ করেন। তারই অংশ হিসেবে কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।
রোহিঙ্গা শিবিরের অধিকাংশ খাদ্য সহায়তা আসছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম থেকে। এছাড়াও আশ্রিতদের দক্ষতা ও জ্ঞানবৃদ্ধিতে এই সংগঠন কাজ করছে। তিউনেসিয়ায় জন্ম নেওয়া হেন্দ সাবরি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন।
