স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতৃত্ব গঠন

সভাপতি নির্মল রঞ্জন সাধারণ সম্পাদক আফজালুর রহমান

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২৩:৪৬

সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব পেয়েছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সংগঠনটির নতুন সভাপতি হয়েছেন নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক হয়েছেন আফজালুর রহমান বাবু। কৃষক লীগ, শ্রমিক লীগের পর এবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনেও সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নতুন মুখ এসেছে। গতকাল শনিবার সকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সম্মেলন উদ্বোধন করেন। পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে স্বেচ্ছাসেবক লীগের দুই শীর্ষনেতার নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নতুন সভাপতি নির্মল রঞ্জন গুহ আগের কমিটিতে সহসভাপতি ছিলেন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কের দায়িত্বেও ছিলেন তিনি। সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুও ছিলেন আগের কমিটির সহসভাপতি। তাদের ওপরই দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করার।

ক্যাসিনোকাণ্ডে নাম আসা আগের কমিটির সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কায়সারের পাশাপাশি সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথও বাদ পড়েছেন স্বেচ্ছাসেবক লীগের কর্মকাণ্ড থেকে। প্রায় সাত বছর তারা সংগঠনটির নেতৃত্ব দিচ্ছিলেন। এদিকে গতকাল কেন্দ্রের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নতুন শীর্ষনেতার নামও ঘোষণা করেন ওবায়দুল কাদের। দক্ষিণের সভাপতি হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক সাঈদ। উত্তরের সভাপতি উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক হয়েছেন আনিসুর রহমান নাঈম। এর আগে গত ১১ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ ও ১২ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সম্মেলন অনুষ্ঠিত হয়।

গতকাল কমিটি ঘোষণার সময় ওবায়দুল কাদের বলেন, ‘কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে ছয় জন ও সাধারণ সম্পাদক পদে ১২ জনের নাম প্রস্তাব করা হয়। এই প্রার্থীদের মধ্যে সমঝোতা না হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মহানগর উত্তর দক্ষিণের সভাপতি সাধারণ সম্পাদক মনোনীত করার নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করি, সবাই নেত্রীর সিদ্ধান্ত মেনে নেবেন।’

স্বেচ্ছাসেবক লীগের নতুন সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি অক্ষরে অক্ষরে পালন করব। সারাদেশে স্বেচ্ছাসেবক লীগকে সুসংগঠিত রাখব।’ নতুন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, ‘প্রধানমন্ত্রীর দেওয়া দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব।’