চাকরির ব্যাপারে নিশ্চিত হয়ে সৌদি আরব যাওয়া উচিত -----------পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২৩:৪৭

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বিদেশে অবস্থানরত প্রবাসীদের জীবনমান ও আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধিতে সরকার প্রশিক্ষণের ব্যবস্থা করবে। মোমেন বলেন, বিদেশে প্রবাসীদের প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে তারা দক্ষতা অর্জন করে আয় বাড়াতে পারে। তিনি বলেন, সৌদি আরবের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। তাই সেখানে কেউ যেতে চাইলে আগে চাকরির ব্যাপারে নিশ্চিত হয়ে বৈধভাবে যাওয়া উচিত।

গতকাল শনিবার সিলেট জেলা প্রশাসন আয়োজিত সিলেট সিটি করপোরেশন এলাকা সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বিদেশে গিয়ে কেউ নির্যাতিত হলে তাকে সাহায্য করার জন্য দূতাবাসগুলোতে ২৪ ঘণ্টা হটলাইন খোলা হয়েছে। মিশনগুলোতে নির্যাতিতদের জন্য আশ্রয়েরও ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, বিদেশে আমাদের দেশের প্রায় ৬ লাখ নারী শ্রমিক রয়েছেন। এর মধ্যে প্রায় ২ লাখ ৭০ হাজার নারী শ্রমিক শুধু সৌদি আরবে রয়েছেন। তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের গবেষণার বরাত দিয়ে বলেন, গত চার বছরে ৫১ জন নারীর লাশ দেশে এসেছে। চার বছরে ৬ লাখ শ্রমিকের মধ্যে ৫১ জনের লাশ দেশে আসা অস্বাভাবিক কিছু নয়। কারণ এদের অনেকের স্বাভাবিক মৃত্যুও হতে পারে। এই মৃত্যুকে নিয়ে অনেকে বিদেশে নারী শ্রমিক পাঠানো বন্ধ করার দাবি তুলছেন। কিন্তু নারীদের বিদেশে চাকরি করার যে অধিকার তা থেকে আমরা তাদের বঞ্চিত করতে পারি না। তবে যদি বিশেষ কোনো চাকরিতে নারীরা নির্যাতনের শিকার হন, তবে আমরা সেই চাকরিতে নারীদের পাঠাব কিনা তা বিবেচনা করব।