বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সমর্থন নিয়ে ক্ষমতায় টিকে থাকার কারণে দেশের সমস্যা নিয়ে তাদের সঙ্গে কথা বলতে পারে না সরকার। এই সরকার আমাদের সমস্যাগুলো নিয়ে ভারতের সঙ্গে কথা বলতে পারে না। এরা শুধু ভারতের ওপর নির্ভর করে ক্ষমতায় টিকে আছে। দেশের জনগণের সঙ্গে এই সরকারের কোনো সম্পর্ক নেই। জনগণের ভোটে তারা ক্ষমতায় আসেনি।
গতকাল শনিবার রাজধানীর হোটেল পূর্বাণীতে অ্যাসোসিয়েশান অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-অ্যাব আয়োজিত ‘ফেনী নদীর পানি প্রত্যাহার চুক্তি : বাংলাদেশের সম্ভাব্য বিপর্যয়’ শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। আলোচনা সভায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন, মোসাদ্দেক হোসেন বুলবুল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জি কে মোস্তাফিজুর রহমান, সাংবাদিক ইউনিয়নের নেতা এম আবদুল্লাহ, কাদের গনি চৌধুরী, অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের শামীমুর রহমান শামীম প্রমুখ।
ফখরুল বলেন, বর্তমান সরকার যতদিন থাকবে ততদিন দেশের স্বার্থ ক্ষুণ্ন হবে। দেশের স্বার্থ রক্ষায় আপোষ করেনি বলে খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। তাকে আটক করে রাখার কোনো বৈধতা নেই। আইনগতভাবে তিনি আটক থাকতে পারেন না। একটা মিথ্যা মামলার ওপরে সাজা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, ফেনী নদীর পানি ভারতকে দেওয়া হয়েছে। এটা অভিন্ন নদী নয়। সেই নদীর পানি নিয়ে যাচ্ছে, অথচ আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে, খাওয়ার পানি চাইলে পানি দেব না? ভালো কথা, পানি দেবেন। তা আমাদের যে লাখ লাখ মানুষ তিস্তার অববাহিকায় আজ নিঃস্ব হয়ে যাচ্ছে, তাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে, জীবন-জীবিকা ধ্বংস হয়ে যাচ্ছে, সে বিষয়ে আপনি একটি কথাও বলবেন না? মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, সীমান্তে আমাদের লোকদের গুলি করে মেরে ফেলে দিচ্ছে। আপনারা বলছেন, এটা কমে এসেছে। আমরা তো কমতে দেখছি না।
