প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা আজ শুরু

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ২৩:৫৮

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা আজ রবিবার শুরু হচ্ছে। চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। সারাদেশে মোট ৭ হাজার ৪৭০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের বাইরে রয়েছে আটটি দেশে ১২টি কেন্দ্র। আজ প্রথম দিন ইংরেজি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা প্রতিদিন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১টায়। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। ছয়টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ ছাত্র-ছাত্রী অংশ নেবে। এর মধ্যে ছাত্র সংখ্যা ১১ লাখ ৮১ হাজার ৩০০ ও ছাত্রী সংখ্যা ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭ জন। ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮৭ হাজার ৮২ এবং ছাত্রী সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ২৮৯ জন।