প্রধানমন্ত্রীকে কলকাতা বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন সৌরভ

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ০০:৩২

আগামী ২২ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারত টেস্ট দেখতে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। টেস্ট ম্যাচ শুরুর আগে দুপুর সাড়ে ১২টায় হবে অনুষ্ঠান। সেখানে থাকবেন প্রধানমন্ত্রী। রাত ৮টায় প্রথম দিনের খেলা শেষের পর সংবর্ধনা অনুষ্ঠানেও থাকবেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও উপস্থিত থাকবেন।

গতকাল শনিবার মাঠে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা। সঙ্গে ছিলেন কলকাতায় বাংলাদেশের উপরাষ্ট্রদূত তৌফিক হাসান, হেড অব চান্সেরি বিএম জামাল হোসেন, প্রথম সচিব প্রেস মোফাকখারুল ইকবাল এবং প্রথম সচিব (ক্রীড়া ও শিক্ষা) সফিউল ইমাম। জানা গেছে, ইডেন গার্ডেনের নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তুষ্ট স্পেশাল সিকিউরিটি ফোর্স। তবে নিরাপত্তা আরো আঁটোসাঁটো করতে কিছু পরামর্শ দিয়েছেন তারা।