প্রশাসন বন্ধ করলেও ইটভাটার মালিক করেননি

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৫:৫৩

সরকারি নিয়মনীতি উপেক্ষা করে নেত্রকোনার মদন উপজেলায় মদন গ্রামে দোফসলি জমিতে তৈরি হচ্ছে ইটভাটা। নেত্রকোনার পৌর সদরের হুমায়ূন কবীর লিটন মদন মৌজায় এক একর ৮৪ শতাংশ ফসলি জমিতে ইটের ভাটা তৈরি করছেন। প্রতিবাদে ওই হাওরের কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার থেকে নির্মাণ কাজ বন্ধ করে দিলেও কৌশলে চলছে ফসলি ওই জমিতে ইটভাটা নির্মাণের কাজ।

স্থানীয়দের অভিযোগ, এলাকার লোকজন ম্যানেজ করে পুনরায় ইটভাটার হাউজ ও চিমনি নির্মাণের কাজ করা হচ্ছে। ভাটার মালিক নির্মাণ কাজ শেষ করতে বিভিন্ন জায়গায় তদবির চালিয়ে যাচ্ছেন।

কৃষক সালাম, রফিক, সাইদুলসহ অনেকেই জানান, এলাকার তিনটি গ্রামের মানুষ এ হাওরের জমিতে দুটি ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করে। এখানে ইটভাটা গড়ে উঠলে ফসলের যেমন ক্ষতি হবে তেমনি পরিবেশের বিপর্যয় ঘটবে।

আরও পড়ুন: যুবলীগ নেতা সম্রাট রিমান্ডে

ইটভাটা প্রস্তুতকারী হুমায়ুন কবির লিটন জানান, ইটভাটার সমস্ত কাগজপত্র আমার চাচাতো ভাই আবুল কাশেমের নামে করার জন্য প্রস্তুতি চলছে। প্রশাসন বন্ধ রাখলেও কাগজপত্র পেলে কাজ শুরু করা হবে। 

ইউএনও মো. ওয়ালীউল হাসান জানান, মদন মৌজায় ফসলি জমিতে ওই ইটভাটর কাজ একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। কাগজপত্র ছাড়া কোনো ইটভাটা চলবে না। 

ইত্তেফাক/অনি