ভোলার দৌলতখান উপজেলা সদরে আগুনে ৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দৌলতখান বাজারের অগ্রণী ব্যাংক সংলগ্ন এলাকায় এই আগুনের ঘটনা ঘটে।
জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে বাজারের অগ্রণী ব্যাংক সংলগ্ন মো. শামীমের মুদি দোকানের বিদ্যুতের মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতখান, বোরহানউদ্দিন ও ভোলাসহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মুদি দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার ও তেলের ড্রাম বিস্ফোরিত হয়ে আশেপাশের আরও ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।
পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে- শামীমের মুদি দোকান, আলমের মুদি দোকান, জামাল বেড হাউজ, শুক্কুর আলীর ফলের দোকান, মোস্তফা বেডিং হাউজ, মাসুদ মিজির হার্ডওয়্যার, মনির স্টোর, কামাল হোসেনের সয়ামিল, মাইদুল স্টোর।ব্যবসায়ীরা বলছেন, আগুনে তাদের ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা।
ভোলা জেলা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জাকির হোসেন জানান, একটি মুদি দোকানের বিদ্যুতের মিটারের থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন সূত্রপাত হয়। এতে আশপাশের ৯টি দোকান পুড়ে যায়।
আরও পড়ুন: এয়ার ইন্ডিয়া বেচে দেবে ভারত সরকার
খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল, দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ, থানার ওসি বজলার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ সময় সংসদ সদস্য আলী আজম মুকুল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করার আশ্বাস দেন।
ইত্তেফাক/এসি
