ভোলার বোরহানউদ্দিনে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দির ভাঙচুরের ঘটনার বিচার বিভাগীয় তদন্তসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদ।
রবিবার দুপুরে সংগঠনটির সভাপতি আবদুর রহমান খানের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের হাতে স্মারকলিপি তুলে দেন।
৬ দফা দাবি গুলো হলো- পুলিশের গুলিতে হত্যার ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত, অনতিবিলম্বে অজ্ঞাত ৫ হাজার জনকে আসামি করে হয়রানিমূলক মামলা প্রত্যাহার, গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি, ধর্ম অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তির বিধান, বিপ্লব চন্দ্র শুভর সর্বোচ্চ শাস্তি এবং সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দির ভাঙচুরের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত।
পরে একই দাবিতে শহরের একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলা মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মো. মোবাশ্বেরুল হক নাঈম লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলন থেকে আগামী ২৩ নভেম্বর শহরের জেলা স্কুল মাঠে দোয়া মাহফিল করার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি ছয় দফা দাবি আদায় না হলে হরতাল অবরোধসহ সবধরনের কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন তারা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মাওলানা আব্দুর রহমান খাঁন তালুকদার, সহ সভাপতি মাওলানা মুক্তি ইয়াছিন নবীপুরী, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সহ সম্পাদক মাওলানা তারিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর ভোলার বোরহানউদ্দিনে ফেসবুকে নবী করিম (সা:) কে অবমাননারে অভিযোগে তওহিদী জনতার সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৪ জন নিহত ও শতাধিক আহত হন।
ইত্তেফাক/এসি
