স্পোর্টস রিপোর্টার
তৌহিদ হূদয়ের রান বন্যা চলছেই। শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল করলেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। সিরিজের চতুর্থ ম্যাচে পাঁচ উইকেটের বড়ো ব্যবধানে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর এক ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জিতে গেল যুবারা। আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রবিবার ৫০ ওভারে শ্রীলঙ্কা সাত উইকেট হারিয়ে তোলে ২৬০ রান। ৫৪ রানে ৩ উইকেট নেন তানজিম হাসান সাকিব। ১৬ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। নয় চার ও তিন ছক্কায় ১২০ বলে ১১৫ রানের ইনিংস খেলেন হূদয়। যুব ওয়ানডেতে এটি তার চতুর্থ সেঞ্চুরি। যুব ক্রিকেটে এর আগে আর কোনো ব্যাটসম্যানই চারটি সেঞ্চুরির দেখা পাননি।
তিনটি করে সেঞ্চুরি করেন এনামুল হক বিজয় ও মাহমুদুল হাসান জয়। এছাড়া ৬৬ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক আকবর আলী। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট পান আমশি ডি সিলভা।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২৬০/৭ (পারানাভিথানা ৩১, আভিশকা ৩৪, সামাজ ৩৭, রাভিন্দু ২৫, নিপুন ২৭, গামাগে ৪৩*, চামিন্দু ২৯; তানজিম ১০-০-৫৪-৩, শরিফুল ১০-০-৫৮-০, শামিম ১০-০-৫৯-১, রকিবুল ১০-০-৪৩-১, আশরাফুল ১০-০-৪১-০)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৭.২ ওভারে ২৬৫/৫ (তানজিদ ২৬, সাজিদ ৩, মাহমুদুল ১৪, হূদয়, শাহাদাত ২৩, আকবর ৬৬*, শামীম ১১*; আমশি ৮-০-৫৫-২, পারানাভিথানা ৪-০-২৮-১, কাভিন্দু ১০-০-৪৮-১)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পাঁচ উইকেটে জয়ী
সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩-০ তে এগিয়ে
ম্যাচ সেরা: তৌহিদ হূদয় (বাংলাদেশ)।
