নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় চালককে হত্যা করে চার্জার গাড়ি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রবিবার সকালে সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের হাসাইগাড়ি গুটার বিল এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আটো চার্জার গাড়ির চালক সদর উপজেলার সুলতানপুর এলাকার লস্করপুর গ্রামের ভুপেন্দ্রনাথ দেবনাথের ছেলে ভোজন দেবনাথ।
পারিবারিক সূত্রে জানা যায়, ভোজন দেবনাথ শনিবার বিকালে বাড়ি থেকে আটো চার্জার গাড়ি নিয়ে বের হয়ে রাতে ফেরেনি।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফায়সাল বিন আহসান জানান, গুটার বিল এলাকার মাঠ থেকে কচুরিপানা দিয়ে মুখঢাকা লাশ উদ্ধার করা হয়। তবে চার্জার গাড়িটি কারা নিয়ে গেছে তা জানা সম্ভব হয়নি। প্রাথমিক তদন্তে লাশটিতে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
