সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২১:২৬

চার দিনব্যাপী আয়কর মেলা শুরু

ভোলা প্রতিনিধি ভোলায় রবিবার চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। জেলা পরিষদ চত্বরে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক। পরে জেলা প্রশাসক মিলনায়তনে মেলা উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মো. আবুল বাসার আকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক। বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সরকার মো. কায়সার, পৌর মেয়র মো. মনিরুজ্জামান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান প্রমুখ।

কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ

কালিয়া (নড়াইল) সংবাদদাতা সরকারের প্রণোদনা প্রকল্পের আওতায় কালিয়ায় রবিবার দেড় হাজার কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ঐ বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুদার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ। বক্তব্য রাখেন কালিয়া পৌরসভার মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. সোহেলী পারভীন নিরি প্রমুখ।

বন্যায় ৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা সুন্দরগঞ্জে বন্যার পানি ঢোকায় ৬৮টি সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গত ১৫ দিন যাবত্ পাঠদান বন্ধ রয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা হারুন-অর-রশিদ ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন মন্ডল জানান, যে সকল প্রতিষ্ঠানে দ্বিতল ভবন রয়েছে সেগুলোর ওপর তলা পানিবন্দি লোকজন আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করছেন। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।

কামারখন্দে মা সমাবেশ

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা কামারখন্দে রবিবার মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, কেয়ার বাংলাদেশ ও ইউনিসেফের উদ্যোগে উপজেলার ঝাঐল ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঝাঐল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলতাফ হোসেন ঠান্ডুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেবেকা সুলতানা প্রমুখ।

আর্সেনিকমুক্ত পানিবিষয়ক কর্মশালা

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা মনোহরগঞ্জে আর্সেনিকমুক্ত পানিবিষয়ক কর্মশালা রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার সিভিল সার্জন অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যৌথভাবে জনসচেতনতামূলক এ কর্মশালার আয়োজন করে। উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা এতে অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা মো. আমজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মইনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) মো. খবির উদ্দিন, মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন প্রমুখ।

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় রবিবার ভোরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। থানার ওসি মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জামাল হোসেন অভিযান চালান। এ সময় উপজেলার ফুল্লশ্রী নূর-এ মদিনা মসজিদের সামনে থেকে ফুল্লশ্রী গ্রামের আ. রব সরদারের ছেলে ইয়াবা ব্যবসায়ী মনির সরদারকে গ্রেফতার করে। তার কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

দিনাজপুর অফিস দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা রবিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। সেতাবগঞ্জ পৌর এলাকার আব্দুর রৌফ মিলনায়তনে আয়োজিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর প্রমুখ।

স্বরূপকাঠিতে আয়কর মেলা উদ্বোধন

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠিতে রবিবার দুই দিনব্যাপী আয়কর মেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে মেলা উদ্বোধন করা হয়। স্বরূপকাঠি উপকরকমিশনারের কার্যালয়, সার্কেল-১৭ মেলার আয়োজন করেছে। বরিশাল কর অঞ্চলের যুগ্ম করকমিশনার মো. লুত্ফর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হামিদ, স্থানীয় সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. ছাইদুর রহমান প্রমুখ।

বিশ্ব অপরিণত দিবসে শোভাযাত্রা

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব অপরিণত দিবস (ওয়ার্ল্ড প্রি-ম্যাচিউরিটি ডে) উপলক্ষ্যে রবিবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ল্যাম্ব-বর্ণ অন টাইম প্রকল্পের সহযোগিতায় এর আয়োজন  করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হাকিম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুঁইয়া। আরো বক্তব্য রাখেন উপজেলা মেডিক্যাল কর্মকর্তা (আবাসিক) ডা. রেজাউল করিম, জেলা পুষ্টি সমন্বয়ক বাবু লঙ্কেস্বর প্রমুখ।

নীলফামারীতে আয়কর মেলা উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি নীলফামারীতে রবিবার তিন দিনব্যাপী আয়কর মেলা উদ্বোধন করা হয়েছে। নীলফামারী পৌরসভা মিলনায়তনে মেলা উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। উপ-কর কমিশনারের কার্যালয়-সার্কেল-৪ এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর কর অঞ্চলের কমিশনার আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মারুফ জামান কোয়েল প্রমুখ।

পীরগঞ্জে চক্ষু চিকিত্সা ক্যাম্প

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা পীরগঞ্জে রবিবার চক্ষু চিকিত্সা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আরডিআরএস অফিসে সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় এবং আরডিআরএস বাংলাদেশের আয়োজনে এ চক্ষু চিকিত্সা ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, ইউপি সদস্য সিরাজ উদ্দীন, সাবেক কাউন্সিলর নুরে আলম, আরডিআরএসের সিএসইএইচপি প্রকল্প ব্যবস্থাপক এসএএসম মনজুর কাদের প্রমুখ।

বুলবুলে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও দুর্গত পরিবারের মধ্যে নগদ আর্থিক অনুদান দিয়েছেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

তিনি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত মোংলা ও রামপালে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি প্রায় অর্ধশত ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ আর্থিক সহায়তা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় বিএনপি নেতা ফকির শাহাদাত্ হোসেন, কাজী জাহিদুল ইসলাম, শেখ আব্দুল্লাহ আজমি প্রমুখ।

সাবেক এমপি আব্দুল লতিফ স্মরণে আলোচনা সভা 

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়ার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, নবীনগর  পৌরসভার ও মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাডভোকেট আবদুল লতিফের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রবিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার উদ্যোগে পৌরসভা কার্যালয় চত্বরে তার স্মরণে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত আওয়ামী লীগ দলীয় মেয়র অ্যাডভেকেট শিব শঙ্কর দাস। বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেলাল উদ্দিন ভূইয়া, জেলা আওয়ামী লীগ নেতা শাহরিয়ার বাদল প্রমুখ।