ঋণ শোধে ব্যর্থ হয়ে ও অভাবে শ্রীবরদীতে দুই জনের আত্মহত্যা

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২২:০১

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা

দাদনের টাকা শোধ করতে না পেরে ও অভাবের তাড়নায় নূর ইসলাম (৩৫) ও নূর মোহাম্মদ ওরফে ঘটটু (৩৮) নামে দুই জন গাছের ডালে রশি বেঁধে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। গত শুক্রবার রাতে শেরপুরের শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের পৃথক দুটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার রাণীশিমুল ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত মোজাহারুল ইসলামের ছেলে নূর ইসলাম। তিনি কৃষি কাজ করেন। কিছুদিন ধরে দাদনের টাকা পরিশোধ না করায় দাদনকারীদের সঙ্গে তার বাগিবতণ্ডা হয়। অবশেষে দাদনের টাকা পরিশোধ করতে না পেরে শুক্রবার রাতে বাড়ির পাশে পরিত্যক্ত মাঠে গাছের ডালে রশি বেঁধে আত্মহত্যা করেন। অন্যদিকে একই ইউনিয়নের পাহাড়ি এলাকা রাঙ্গাজান গ্রামের মৃত ইজার আলীর ছেলে নূর মোহাম্মদ ওরফে ঘটটু অভাবের তাড়নায় মাঝেমধ্যে বাড়িতে যেতেন না। বেশ কিছুদিন ধরে ছিলেন মানসিক ভারসাম্যহীন। শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে জঙ্গলের একটি গাছের ডালে রশি বেঁধে তিনি আত্মহত্যা করেন।