পায়রা তাপবিদ্যুত্ কেন্দ্র

চীনা শ্রমিকের হাতে স্বদেশি শ্রমিক খুন

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২২:০৯

কলাপাড়ার পায়রা তাপ বিদ্যুত্ কেন্দ্রের চীনা শ্রমিকের হাতে অপর এক চীনা শ্রমিক খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৯টার দিকে বিদ্যুত্ কেন্দ্রের অভ্যন্তরে। নিহত শ্রমিকের নাম ফিং লিউ জুন (৩৬)। তার বাড়ি চীনের হিনান প্রদেশে। কলাপাড়া থানা পুলিশ ঘাতক চীনা শ্রমিক সং জিয়াংকে (৩২) আটক করেছে।

বাংলাদেশ-চায়না পাওয়ার জেনারেশন কোম্পানির (বিসিপিসিএল) উপবিভাগীয় প্রকৌশলী পিঞ্জুর রহমান জানান, ফিং লিউ জুন ও শ্রমিক সং জিয়াং দুই জনে একই রুমে বসবাস করতেন। তারা এক সঙ্গে রাতের খাবার হিসেবে নুডুলস রান্না করেন। নুডুলস খাওয়া নিয়ে দুই জনের মধ্যে বাগিবতণ্ডা হয়। এক পর্যায়ে সং জিয়াং ছুরি দিয়ে ফিং লিউ জুনের বাম পাঁজরে আঘাত করেন। কলাপাড়া হাসপাতালের চিকিত্সক মো. রেফায়েত হোসেন জানায়, রাত ১০টা ৪০ মিনিটে একটি অ্যাম্বুলেন্সযোগে চীনা শ্রমিক ফিং লিউ জুনকে হাসপাতালে আনা হয়। পথেই তার মৃত্যু হয়। ছুরিকাঘাতে ফুসফুসে ক্ষত সৃষ্টি হওয়ায় তার মৃত্যু হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার আলী আহম্মদ জানায়, পায়রা তাপবিদ্যুত্ কেন্দ্রের পক্ষ থেকে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। ঘাতককে আটক রাখা হয়েছে।