যশোরের ১৮ রুটে সোমবার থেকে যানবাহন চলবে

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২২:৪৪

যশোর অঞ্চলের ১৮ রুটে পরিবহন শ্রমিকদের স্বেচ্ছায় কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। রবিবার রাতে কোতয়ালি থানায় শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে পুলিশ প্রশাসনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে সকল রুটে যানবাহন চলাচল করবে।

রাত সাড়ে ৯টার দিকে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার শিকদার সালাউদ্দিন বলেন, রাতে পরিবহন শ্রমিক প্রতিনিধিদের সাথে বসেছিলাম। জনদুর্ভোগ লাঘবে আমরা তাদের সহযোগিতা চেয়েছি। তারা আশ্বস্থ করেছে সোমবার সকাল থেকে পরিবহন কর্মবিরতি প্রত্যহার করবে। আগামী ২১ ও ২২ নভেম্বর ফেডারেশনের বৈঠকে সরকারের সঙ্গে দাবি দাওয়া নিয়ে কথা বলবে।

জানা যায়, গত ১৪ নভেম্বর যশোরে অনুষ্ঠিত সমাবেশ থেকে সড়ক আইন ২০১৮ সংশোধনসহ ১০ দফা দাবি করা হয়। রবিবার সকাল থেকে যশোরের ১৮ রুটের শ্রমিকরা স্বেচ্ছায় কর্মবিরতি শুরু করেন। এতে ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ।

আরো পড়ুন: সোহরাবকে পেটানো রাবির দুই ছাত্রলীগকর্মী বহিষ্কার

মণিহার এলাকার বাসিন্দা অনন্যা দাস বলেন, সকালে রাস্তায় বেরিয়ে দেখি সব পরিবহন চলাচল বন্ধ। সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার দূরপাল্লার যাত্রীরা। দাবি আদায়ে সাধারণ মানুষে জিম্মি করা কালচার বন্ধ করা উচিত।

যশোর কেন্দ্রীয় পুরাতন বাসটার্মিনালে নয়ন নামে এক যাত্রী বলেন, ঢাকা যাওয়ার জন্য বাঘারপাড়ার ছাতিয়ানতলা থেকে যশোরে এসে শুনি বাস চলছে না। অসুস্থ স্ত্রীকে নিয়ে ঢাকায় চিকিৎসার জন্য যেতে চাইলেও এখন আর যেতে পারছি না।

যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনূর রশীদ বাচ্চু জানান, ফাঁসির দড়ি নিয়ে শ্রমিকরা পরিবহনে কাজ করতে রাজি নয়। তাই  তারা স্বেচ্ছায় কর্মবিরতি শুরু করেছেন। এটা কোনো ইউনিয়ন বা ফেডারশনের পূর্ব নির্ধারিত কর্মসূচি নয়। পরিবহন শ্রমিকরা ইচ্ছামত কর্মবিরতি করেছে।

ইত্তেফাক/এমআরএম