জাল দলিলপত্র দিয়ে প্রতারণার মাধ্যমে প্রায় ১৭৪ কোটি টাকা আত্মসাতের মামলায় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) প্রিন্সিপাল শাখার সাবেক জেনারেল ম্যানেজার সৈয়দ নুরুর রহমান কাদরীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার বিকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের উপপরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান তাকে গ্রেফতার করেন।
দুদক সূত্র জানায়, প্রতারণার আশ্রয় নিয়ে ব্যাংকটির প্রিন্সিপাল শাখার কতিপয় কর্মকর্তা অস্তিত্বহীন প্রতিষ্ঠানকে জাল ডকুমেন্টের ভিত্তিতে ১৭৪ কোটি টাকা প্রদান করেছেন। বেনিফিসিয়ারি প্রতিষ্ঠানের বাস্তব অস্তিত্ব আছে কি না, তা যাচাই না করে প্রতারণার আশ্রয় নিয়ে কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করে আর্থিক সুবিধা নিয়েছেন বলে প্রমাণ পেয়েছে দুদক। একই সঙ্গে আত্মসাত্ করা ঐ অর্থ হস্তান্তর ও রূপান্তরের প্রমাণ পেয়েছে দুদক। এরপর গত ২ সেপ্টেম্বর বিডিবিএলের কাদরীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।
মামলার অন্য আসামিরা হলেন—এমএম ভেজিটেবল অয়েল প্রোডাক্টস লিমিটেডের চেয়ারম্যান মো. হেফাজেতুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন, পরিচালক কফিল উদ্দিন, কামাল উদ্দিন, রফিক উদ্দিন, শফিক উদ্দিন, জসিম উদ্দিন, লুসিডা ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, মেসার্স গ্লোব ইন্টারন্যাশনালের মালিক মো. মাহবুবুল আলম ও বিডিবিএল প্রিন্সিপাল শাখার সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) দীনেশ চন্দ্র সাহা।
