রাজশাহীতে নভো এয়ারের চাকা পাংচার, পাইলটের দক্ষতায় যাত্রীরা অক্ষত

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ০০:১৩

বেসরকারি বিমান পরিবহন সংস্থা ‘নভোএয়ার এয়ারলাইনসে’র একটি এয়ারক্রাফট গতকাল রবিবার সকালে রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দরে অবতরণের সময় পেছনের বাম পার্শ্বের চাকা পাংচার (ফেটে যায়) হয়েছে। তবে পাইলটের দক্ষতায় এয়ারক্রাফটে থাকা ৩৩ যাত্রী এবং ক্রু সকলেই অক্ষত রয়েছেন।

জানা যায়, সকাল ৯টা ৫ মিনিটে ঢাকার শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে। সকাল ৯টা ৪৫ মিনিটে নির্ধারিত সময়েই ফ্লাইটটি অবতরণের সময় চাকা ফেটে যায়। শাহ মখদুম বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক দিলারা পারভীন বলেন, ফ্লাইটটি অবতরণের পর যাত্রীরা নেমে যান। পরে চাকা পাংচারের ঘটনা জানাজানি হয়। দুপুর ১২টার দিকে ঢাকা থেকে নভোএয়ারের আরেকটি ফ্লাইটে ইঞ্জিনিয়াররা এসে চাকা পরিবর্তন করেন। এদিকে দুর্ঘটনার কারণে নভোএয়ারের ফ্লাইটের সিডিউল বিপর্যয় ঘটে। নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজবাহ-উল-ইসলাম বলেন, পাইলটের দক্ষতায় এয়ারক্রাফটটি যাত্রী ও ক্রু নিয়ে নিরাপদে ল্যান্ড করতে সক্ষম হয়। ভেতরের যাত্রীরা চাকা পাংচারের বিষয়টি টেরও পাননি।