তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র বর্তমান পরিচালনা কমিটির মেয়াদ তৃতীয়বারের মতো বাড়ানো হয়েছে। এ দফায় ২১ এপ্রিল পর্যন্ত একমাস বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। যদিও তা এক বছর বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন পাঠিয়েছিলেন বর্তমান সভাপতি সিদ্দিকুর রহমান।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এক মাস সময় বাড়িয়ে গত বৃহস্পতিবার বিজিএমইএ সভাপতিকে চিঠি পাঠানো হয় বাণিজ্য মন্ত্রণালয় থেকে। সিদ্দিকুর রহমানের নেতৃত্বাধীন বর্তমান কমিটির মেয়াদ দুই বছর শেষ হওয়ার পর দুই দফায় দেড় বছর মেয়াদ বাড়ানো হয়। সেই হিসেবে দুই বছরের জন্য দায়িত্ব গ্রহণ করে ইতোমধ্যে প্রায় সাড়ে তিন বছর পার করেছে বর্তমান কমিটি।
বিজিএমইএ’র নির্বাচনে ‘সমন্বয় পরিষদ’ ও ‘ফোরাম’ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হওয়ার কথা থাকলেও বিজিএমইএ’র বর্তমান নেতৃত্ব সমঝোতায় গঠিত হয়েছিল। সমঝোতা অনুযায়ী সমন্বয় পরিষদ থেকে সভাপতি হিসেবে সিদ্দিকুর রহমান ও বাদবাকি সহ-সভাপতি ও পরিচালক উভয় প্যানেল ভাগাভাগি করে নেয়। একইভাবে দুই বছরের মেয়াদ শেষে ফোরাম থেকে সভাপতি হওয়ার কথা। কিন্তু বিজিএমইএ’র নতুন ভবন, নতুন মজুরি, নির্বাচনসহ নানামুখী কারণ দেখিয়ে দুই দফায় দেড় বছর সময় বাড়িয়ে নিতে সক্ষম হন সিদ্দিকুর রহমান। এবারও ফের এক বছর সময় বাড়ানোর আবেদন করলে সংগঠনটির বেশির ভাগ নেতার মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়। সম্প্রতি ফোরামের নেতারা বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করে এ বিষয়ে আপত্তির কথা জানান। শেষ পর্যন্ত এক বছর না বাড়িয়ে এক মাস বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়।
