বিনোদন ডেস্ক
ক্যারিয়ারের বয়স বাড়ার সঙ্গে সিনেমার সংখ্যাটাও কমতে থাকে তারকাদের। বলিউড অভিনেত্রী কাজলের বেলাতেও এমনটা দেখা যায়। এই বছর এখন পর্যন্ত কোনো সিনেমা মুক্তি পায়নি তার। সামনেও পাবে না। তাই ২০১৯ সালে কাজলের সিনেমার ঝুলিটা শূন্য। যদিও ২০১৮ তে দুটি সিনেমার মুক্তি পায় তার। তবে একটিও বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি। এই বছর কোনো সিনেমা মুক্তি না পেলেও আগামী বছরের জন্য সুখবর এরইমধ্যে দিলেন ভক্তদের জন্য। অজয় দেবগণের আপকামিং সিনেমা ‘তনহাজি: দ্য আনসাং হিরো’। তিনি প্রকাশ করলেন স্ত্রী কাজলের ফার্স্ট লুক।
সিনেমায় সাবিত্রীবাঈ মালুসারের চরিত্রে দেখা যাবে কাজলকে। ফার্স্ট লুকেই বেশ আশা জাগাচ্ছেন দাপুটে অভিনেত্রী। পোস্টারে ট্র্যাডিশনাল মহারাষ্ট্রীয় সাজে দেখা যাচ্ছে কাজলকে। রয়েছেন তনহাজি মালুসারের চরিত্রে অভিনয় করা অজয় দেবগণও। তার হাতে দেখা যাচ্ছে মারাঠা পতাকা।
ছবিটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অজয় লিখেছেন, ‘সাবিত্রীবাঈ মালুসারে - তনহাজির সাহসের সাহারা। আর তার বলের শক্তি।’
কাজল এই প্রসঙ্গে বলেন, ‘এটি অজয়ের শততম সিনেমা। তাই সিনেমাটি নিয়ে তাকে বেশ কষ্ট করতে দেখেছি অনেকদিন। এই সিনেমাটি অজয়ের স্বপ্নের মতো।’
