শহিদ জহুরুল হক সড়ক যেন ট্রাক টার্মিনাল

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২১:৩৭

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুর শহরে দিনের বেলায় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। শহরের অন্যতম ব্যস্ত শহিদ জহুরুল হক সড়কটি যেন পরিণত হয়েছে ট্রাক টার্মিনালে। যেখানে যত্রতত্র ট্রাক ও পিকআপ পার্কিং করায় পথচারীসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরজমিনে দেখা গেছে, সড়কের ৫০০ ফুট এলাকায় যত্রতত্র পিকআপ ও কাভার্ড ভ্যান দাঁড় করানো। আর এসব থেকে চলছে পণ্য খালাসের কাজ। ফলে ঐ সড়কে স্বাভাবিক যান চলাচল বন্ধ হয়ে যায়। আর সড়কের দুই পাশে গড়ে ওঠা দোকান, আবাসিক ও খাবার হোটেল সবকিছুতে দেখা দিয়েছে মন্দাভাব।

শহীদ জহুরুল হক সড়কের দোকানিরা জানান, প্রতিদিন দিনের বেলায় এ সড়কটি মরণফাঁদে পরিণত হয়। ট্রাক পার্কিংয়ের সুবিধা নিয়ে পণ্য খালাস ও বোঝাইয়ের কাজে অংশ নিচ্ছেন শত শত কুলি ও শ্রমিক। এ অবস্থায় ঐ সড়কে সাধারণ মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সহজে কেউ এ সড়কে আসতে চান না। ফলে ব্যবসা-বাণিজ্য বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

সৈয়দপুর ট্রাফিক কার্যালয়ের পরিদর্শক মো. নাহিদ পারভেজ চৌধুরী জানান, দিনের বেলায় শহরে ভারী যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এ নিয়ম যাত্রীবাহী বাসগুলো মেনে চলছে। তারা শহরের বাইপাস সড়ক ব্যবহার করছে। অথচ পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান কিছুতেই নিষেধাজ্ঞা মানছে না। বহুবার মামলা ও জরিমানা করেও কোনো কাজ হচ্ছে না। জনবল সংকটে এসব তদারকিতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক বিভাগকে।