ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহে দশম শ্রেণির ছাত্র সাইদুজ্জামান সিফাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে মানববন্ধন করে গ্রামবাসী। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে নিহত সিফাতের বাবা মনোয়ার মিয়াসহ অন্যরা বক্তব্য রাখেন। বক্তারা দ্রুত সিফাত হত্যার ঘটনায় বাকি আসামিদের গ্রেফতারের দাবি জানান। সেই সঙ্গে জড়িতদের ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, শনিবার সকালে শহরের কালিকাপুর মোড়ে বন্ধুদের সঙ্গে বসেছিল উজির আলী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র এসএসসি পরীক্ষার্থী সিফাত। এ সময় দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ফরিদপুর নেওয়ার পথে সিফাত মারা যায়। পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, সুমন ও লিয়ন নামে দুই আসামিকে ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
