কুড়িগ্রাম জেলা ছাত্রলীগসহ সাত কমিটি বিলুপ্ত ঘোষণা

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২১:৪০

কুড়িগ্রাম প্রতিনিধি

মেয়াদোত্তীর্ণ ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের কমিটিসহ সাতটি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে নতুন কমিটি গঠনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আগামী ১০ (দশ) কার্যদিবসের মধ্যে জীবনবৃত্তান্ত কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর জন্য আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লেখক ভট্টাচার্য রবিবার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত পৃথক অপর এক বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম সদর উপজেলা শাখা, কুড়িগ্রাম পৌর শাখা, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা, পলিটেকনিক ইনস্টিটিউট শাখা, ফুলবাড়ী ও রৌমারী উপজেলা শাখা কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিলুপ্ত কমিটিগুলোর বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণিত অভিযোগ রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি জেলা সম্মেলনের মাধ্যমে রকিবুজ্জামান রাকিবকে সভাপতি এবং রাকিবুজ্জামান রনিকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগ, কুড়িগ্রাম জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।