আবু তোরাব, চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় এবার শীতকালীন সবজি শিমখেত পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। দোআঁশ মাটির কারণে এ উপজেলায় শিমের ভালো ফলন হয়ে থাকে। মানুষের ঘরে ঘরে সবজি হিসেবে শিমের যথেষ্ট চাহিদা থাকায় বাজারে ভালো দামও পাওয়া যায়। তাই প্রতি বছর এখানকার অনেক কৃষকই শিমের চাষাবাদ করে থাকেন। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার উত্পাদিত শিম দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়ে থাকে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার হাশিমপুরের বিস্তৃর্ণ এলাকা জুড়ে কৃষকদের শিমের খেত। এ ছাড়াও উপজেলার দোহাজারী শঙ্খ নদীর তীর, জামিজুরী, দিয়াকুল, রায় জোয়ারা, বৈলতলী ও বরমা এলাকায় প্রচুর শিমের চাষাবাদ করা হয়েছে। খেতে এসেছে থোকা থোকা শিমের ফুল। ইতিমধ্যেই বাজারে আসতে শুরু করেছে শিম। দামও চড়া। প্রতি কেজি বিক্রি করা হচ্ছে ৮০ টাকায়।
উপজেলার হাশিমপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় শিম চাষি আবদুল গফুর তার শিমের খেতে পোকা দমনের জন্য কীটনাশক ওষুধ ছিটাচ্ছেন। তিনি এবার দেড়কানি বা ৬০ শতক জমিতে শিমের চাষ করেছেন। খেতও ভালো হয়েছে। তাতে খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। আবদুল গফুর জানান, বাজারে সবজির ভালো দাম পাওয়া যাচ্ছে। আশা করি, এভাবে দাম পাওয়া গেলে খরচ পুষিয়ে দ্বিগুণ লাভবান হতে পারবেন।
উপজেলার কৃষিবিদ স্মৃতিরানী সরকার বলেন, সবজি চাষে যাতে কৃষকরা ভালো ফলন পেতে পারে এ জন্য মাঠপর্যায়ে কৃষি সম্প্রসারণ কার্যালয়ের লোকজন কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন।
