রেকর্ডের শপথ রোনালদোর

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২১:৫৩

মূলপর্বে পর্তুগাল, গ্রুপসেরা ফ্রান্স-ইংল্যান্ড

 স্পোর্টস ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদো এক গোল করে লুক্সেমবার্গের বিপক্ষে পর্তুগালের ২-০ ব্যবধানের জয়ে অবদান রেখেছেন। তাতে বর্তমান চ্যাম্পিয়নরা ইউরো বাছাইয়ের বৈতরণী পেরিয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। জয়ের পর সেঞ্চুরি থেকে এক গোল দূরে থাকা পর্তুগীজ অধিনায়ক জানালেন, সব রেকর্ড ভেঙে তবেই ক্ষান্ত হবেন তিনি।

এদিকে ফ্রান্সও বাছাইপর্বের অন্য গ্রুপে আলবেনিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতে গ্রুপসেরা হয়ে মূলপর্ব নিশ্চিত করেছে।

পর্তুগালের চূড়ান্ত পর্বে পৌঁছাতে প্রয়োজন ছিল একটি জয়। গত রবিবার রাতে লুক্সেমবার্গের মাঠে ৩৬ মিনিটে বার্নার্দো সিলভার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ্ব শেষ করে পর্তুগীজরা। এরপর ৮৬ মিনিটে রোনালদো লক্ষ্যভেদ করলে জয় নিশ্চিত হয়ে যায় ইউরোপীয় চ্যাম্পিয়নদের।

রোনালদো ম্যাচটির আগে গোলের সেঞ্চুরি থেকে দুই ধাপ দূরে ছিলেন। এ ম্যাচের গোলটি তাকে বিরল কীর্তির আরেকটু কাছে নিয়ে গেছে। তবে জুভেন্তাস তারকা জানালেন, আরো দূরে দৃষ্টি তার। ভাঙতে চান আলী দায়ীর ১০৯ গোলের রেকর্ডও। ম্যাচ-পরবর্তী প্রতিক্রিয়ায় বললেন, ‘সব রেকর্ডই ভাঙা উচিত। আমি এই রেকর্ডটা ভাঙতে চাই।’ 

এই জয়ের ফলে পর্তুগাল আট ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় সেরা দল হয়ে মূলপর্বে গেল। গ্রুপের অন্য ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করলেও গ্রুপসেরা হয়েই মূলপর্ব নিশ্চিত করেছে ইউক্রেন। সমান খেলায় দলটির সংগ্রহ ২০ পয়েন্ট।

ফ্রান্সের মূলপর্ব যাওয়া আগেই নিশ্চিত ছিল। প্রতিযোগিতার ‘এইচ’ গ্রুপ থেকে দলটি এই রাতে আলবেনিয়ার মুখোমুখি হবার সময় লক্ষ্য ছিল গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিতের। আন্তনিও গ্রিজমানের নৈপুণ্যে সেটা দারুণভাবেই অর্জন করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। অষ্টম মিনিটে কোরেন্তিন তোলিসোর গোলটিতে সহায়তা ছিল তার।

এরপর ৩১ মিনিটে বার্সেলোনা তারকা নিজেই গোল করে দলের জয় নিশ্চিত করেন। এর ফলে ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েই চূড়ান্ত পর্বে উঠেছে দলটি। নিজেদের শেষ ম্যাচে অ্যান্ডোরার বিপক্ষে ২-০ ব্যবধানের জয় নিয়ে মূলপর্ব নিশ্চিত করেছে তুরস্কও।

‘এ’ গ্রুপ থেকে ইংল্যান্ডের মূলপর্ব ও গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত ছিল আগেই। কসভোর বিপক্ষে শেষ ম্যাচে তবুও পুরো শক্তির দলই মাঠে নামিয়েছিলেন কোচ গ্যারেথ সাউথগেট। হ্যারি উইঙ্কস, হ্যারি কেইন, মার্কাস র্যাশফোর্ড আর ম্যাসন মাউন্টের গোলে বড়ো জয় নিয়েই বাছাইপর্বের ইতি টেনেছে ইংলিশরা। এদিকে নিজেদের শেষ ম্যাচে বুলগেরিয়ার কাছে হেরেও ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে চেক প্রজাতন্ত্র।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতারা

নাম                                দেশ          গোলসংখ্যা    ম্যাচ

১. আলী দায়ী                   ইরান        ১০৯            ১৪৯

২. ক্রিশ্চিয়ানো রোনালদো   পর্তুগাল     ৯৯              ১৬৪

৩. ফেরেঙ্ক পুসকাস           হাঙ্গেরি      ৮৪              ৯৩

৪. কুনিশিগে কামামোতো    জাপান      ৮০              ৮৪

৫. গডফ্রে চিতালু               জাম্বিয়া      ৭৯              ১১১

৬. হুসাইন সায়ীদ              ইরাক        ৭৮              ১৩৭

৭. পেলে                         ব্রাজিল      ৭৭              ৯২

৮. স্যান্ডর ককসিস            হাঙ্গেরি      ৭৫              ৬৮

৯. বাশার আবদুল্লাহ           কুয়েত       ৭৫              ১৩৪

১০. সুনীল ছেত্রী               ভারত        ৭২              ১১৪

এ পর্যন্ত চূড়ান্ত পর্বে ওঠা দেশগুলো

অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ইংল্যান্ড, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রাশিয়া, স্পেন, সুইডেন, তুরস্ক ও ইউক্রেন।