এক সপ্তাহে আটক ১৫৯

মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অপেক্ষায় অসংখ্য মানুষ

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২২:৪২

ভারতের এনআরসির প্রভাবে অসংখ্য নারী-পুরুষ মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে। গত এক সপ্তাহে ১৫৯ জনকে আটক করেছে বিজিবি।

বিজিবি ও থানা সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে মহেশপুর উপজেলার জলুলী, পলিয়ানপুর, খোসালপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের সময় ৫৮ বিজিবির আওতাধীন বিওপি ক্যাম্প ৫১ শিশু,  ৪৭ পুরুষ ও ৬১ নারী আটক হয়েছে। এদের ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে। এরা ভারতের আসাম ও ব্যাঙ্গালুরসহ বিভিন্ন এলাকায় বসবাস করছিল। সম্প্রতি ভারতের নাগরিকপঞ্জি (এনআরসি) এর প্রভাবে সেখানে তাদের বসবাসে অসুবিধার কারণে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে।

অনুপ্রবেশকারীরা জানায়, তাদের বাড়ি খুলনা, বাগেরহাট, বরিশাল অঞ্চলে ছিল। বিগত এক দশক বা  দুই-তিন দশক আগে ভারতে পাড়ি জমিয়ে স্থায়ীভাবে বসবাস করে আসছিল। সেখানে তাদের ওপর ভারতের একটি বিশেষ বাহিনী নির্যাতন ও বিভিন্নভাবে আটক করার কারণে তারা বাংলাদেশে চলে আসতে বাধ্য হচ্ছে। আটককৃতরা অধিকাংশই মুসলিম সম্প্রদায়ের মানুষ। এ বিষয়ে ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান বলেন, ভারতে মাইগ্রেশন হয়ে যাওয়া লোকজনের বসবাসের অসুবিধার কারণে তারা আবার বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। গত এক সপ্তাহে ১৫৯ জনকে, এর আগের সপ্তাহে আরো ৪০ জনকে আটক করা হয়।