রাঙ্গামাটিতে আঞ্চলিক সংগঠনের গুলিবিনিময় তিন জন নিহত

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২২:৪৪

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় একটি আঞ্চলিক সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলে ব্যাপক গুলিবিনিময়ের ঘটনায় তিন জন নিহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার দুর্গম বালুমুড়া মারমা পাড়া এলাকায় আঞ্চলিক সংগঠনের মধ্যে এ ঘটনা ঘটে।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহম্মেদ খান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল সন্ধ্যায় রাজস্থলী উপজেলার দুর্গম বালুমুড়ার মারমা পাড়ায় আঞ্চলিক দলের মধ্যে প্রায় দেড় ঘণ্টা ধরে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্র এলাকার উদ্দেশে ফোর্স নিয়ে রওয়ানা হয়েছি। ঘটনার বিস্তারিত এলাকায় গিয়ে জানাতে পারব।

এ ঘটনায় তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও তাদের নাম ও পরিচয় জানা যায়নি। কোন কোন গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় একটি সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু লারমা) গ্রুপের মধ্যে অন্তর্কোন্দলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছে বলে তারা জানিয়েছে।

এদিকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি (সন্তু লারমা) গ্রুপের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।