রবিবার গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেড ডুবিতে নিখোঁজ দুই শ্রমিকের মরদেহ গতকাল সোমবার উদ্ধার করা হয়েছে। এর আগে গতকাল দুপুরে মেঘনায় ডুবে যাওয়া বাল্কহেড এমভি নাদিয়ার খোঁজ মেলে ঘটনাস্থল থেকে ১ কিলোমিটার দূরে নয়ানগরে। বেলা সাড়ে ৩টার দিকে বাল্কহেডের ভেতর থেকে শ্রমিক মো. আসলাম এবং সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মান্নানের লাশ উদ্ধার করে ডুবরিরা। তবে শ্রমিক ইমদাদ (৪০) এখনও নিখোঁজ রয়েছেন। এদের সকলের বাড়ি বরগুনা জেলায়। সোমবার সকাল থেকে গজারিয়া কোস্টগার্ড, নৌপুলিশ ও পাগলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল এ উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে।
গজারিয়া নৌপুলিশের ইনচার্জ পরিদর্শক আবদুর রাজ্জাক জানিয়েছেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করা হবে। তবে পরিবার চাইলে মামলা করতে পারে।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার জানিয়েছেন, নিহতদের পরিবারকে লাশ বহন ও আনুষঙ্গিক খরচ বাবদ জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।
