৩০ ডিসেম্বর ‘কালো দিবস’ পালন করবে বাম জোট

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ০০:২১

জনগণের ভোটাধিকার হরণের প্রতিবাদে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ৩০ ডিসেম্বরকে ‘কালো দিবস’ হিসেবে পালন করবে বাম গণতান্ত্রিক জোট। গতকাল সোমবার রাজধানীর পল্টনের মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়ে বাম জোটের নেতারা বলেছেন, বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একটি কালো দিবস হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ভোট কারচুপি, জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, মিডিয়া ক্যু—সব বিষয়কে ছাপিয়ে এই নির্বাচন ছিল ভোটের আগের রাতে ভোটের বাক্স ভরে রাখার নৈশকালীন নির্বাচনের নতুন কীর্তি।

জোটের নেতারা জানান, আগামী ৩০ ডিসেম্বর সারা দেশে উপজেলা পর্যায়ে জোটের শরিক দলগুলোর কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা মিছিল হবে। সেদিন ঢাকায় অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় সমাবেশ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা সুধাংশু শেখর চক্রবর্তী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের সদস্যসচিব মনির উদ্দীন পাপ্পু।