যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ০০:২১

যুক্তরাষ্ট্রে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ৮ হাজার ২০০-এর বেশি বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত ছিল। এর ফলে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ২০তম। গতকাল সোমবার মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর ও শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে ইন্টারন্যাশনাল এডুকেশন উইক উদ্যাপন উপলক্ষ্যে ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সচেঞ্জ-২০১৯-এর ‘ওপেন ডোরস রিপোর্টে’ বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বেড়ে নতুন রেকর্ড ৮ হাজার ২৪৯ জনে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীর এই হার সর্বকালের সর্বোচ্চ। এতে দেখা যাচ্ছে, ২০১৮ সালের রিপোর্টের তুলনায় শিক্ষার্থী ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর ২০০৯ সাল থেকে তা বেড়ে হয়েছে তিন গুণের বেশি। যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোর হার সবচেয়ে দ্রুত বেড়ে চলা দেশগুলোর একটি বাংলাদেশ।