এসএ গেমসে পতাকা বহন করবেন সাঁতারু মাহফুজা খাতুন শিলা

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ০০:৪৫

আগামী ১ থেকে ১০ ডিসেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডু ও পোখারায় অনুষ্ঠিত হবে ১৩তম এসএ গেমস। সেই গেমসে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করবেন দেশের কৃতী সাঁতারু মাহফুজা খাতুন শিলা। গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে মার্চপাস্টে দেশের পতাকা শিলার হাতে থাকবে। এটা ক্রীড়াবিদের জন্য অনেক বড়ো গৌরবের, সম্মানের। শিলা গত এসএ গেমস সাঁতারে ১০০ ও ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে স্বর্ণপদক জয় করে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন। তাছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) মনে করে, শিলা একজন ভালো সাঁতারু, সিনিয়র সাঁতারু। অনেক কিছু হিসাব করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কাঠমান্ডু এসএ গেমসের শেফ দ্য মিশন আসাদুজ্জামান কোহিনুর। কে পতাকা বহন করবে এই সিদ্ধান্ত নিতে গতকাল সন্ধ্যায় সভায় বসেছিলেন বিওএর কর্মকর্তারা। সাঁতারু শিলার সঙ্গে বাছাই তালিকায় ছিলেন আরেক ক্রীড়াবিদ আরচার রোমান সানাসহ তিন জন। শিলার নাম চূড়ান্ত করে বিওএর সভাপতি জেনারেল আজীজ আহমেদ অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন আসাদুজ্জামান কোহিনুর।