কাপাসিয়ায় নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ০০:৩২

g  কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের কাপাসিয়ায় দায়িত্ব পালনকারী নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা গত শুক্রবার সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।

কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ কাপাসিয়া আসনে ১১টি ইউনিয়নে মোট ভোটার ২ লক্ষ ৬৭ হাজার ৩৯৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৫ হাজার ৫০৯ জন। নির্বাচনে মোট ভোট কেন্দ্র ১১৯টি, বুথের সংখ্যা ৫২৬টি। নির্বাচনে ১১৯ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৫২৬ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ১ হাজার ৫২ পোলিং অফিসারসহ ১ হাজার ৬৯৭ নির্বাচনী কর্মকর্তার নিয়োগ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণ যাতে নির্বাচনী আইন মেনে একটি অবাধ সুষুম ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারেন সে লক্ষ্যে তাদের মধ্যে ১১৯ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৫২৬ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তার প্রশিক্ষণ ও অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় শুক্রবার সম্পন্ন করা হয়েছে। বাকী ১ হাজার ৫২ জন পোলিং অফিসারের প্রশিক্ষণ শনিবার সম্পন্ন হবে।

কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কাপাসিয়া ইউএনও মোসাঃ ইসমত আরা। আরো বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেল শেখ, গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তারিফুজ্জামান। এসময় কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক, উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবিরসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।