সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১৪:৩৩

পত্রিকা বহনকারি পিকআপ ভ্যানের ধাক্কায় শফিকুল ইসলাম (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

মঙ্গলবার ভোর রাত সাড়ে তিন টার দিকে খুলনার গাজী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শফিকুল ইসলাম কালিগঞ্জ উপজেলার মশরকাটি গ্রামের মোসলেম গাজীর ছেলে।

আরো পড়ুন: জমিজমা নিয়ে বিরোধে এসিডে ঝলসে দিল যুবককে

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চম্পাফুল এপিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পিএসপি পরীক্ষা শেষে সোমবার দুপুর দেড়টার দিকে শফিকুল মোটরসাইকেল যোগে তার মেয়ে সাথী এবং মেয়ের সহপাঠি শারমিন ও নাজমাকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সাঁইহাটি স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পত্রিকা বহনকারি পিকআপ ভ্যান (সাতক্ষীরা- ন-১১-০০৬৫) ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা চারজন গুরুতর আহত হয়। তাদেরকে প্রথমে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় শফিকুল ও তার মেয়ে সাথীকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সন্ধ্যায় শফিকুলকে খুলনা গাজী মেডিকেলে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাত সাড়ে তিনটার দিকে শফিকুল মারা যান।  

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/এমআরএম