শেরপুরের শ্রীবরদী উপজেলায় গুজব ছড়িয়ে লবণের বাজার মূল্য থেকে দ্বিগুণ করেছে দোকানিরা। এতে করে সাধারণ ভোক্তাদের ৫ কেজি থেকে শুরু করে ২৫ কেজি পর্যন্ত লবণ ক্রয়ের হিড়িক পড়েছে। মঙ্গলবার বিকাল থেকে শ্রীবরদী পৌরশহরসহ উপজেলার বিভিন্ন বাজারে দ্বিগুণ মূল্যে লবণ বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ পেয়ে সরেজমিনে শ্রীবরদী পৌর শহরের মধ্য বাজারের মেসার্স আলী ট্রেডার্সে গিয়ে দেখা যায় সাধারণ ভোক্তা থেকে শুরু করে খুচরা বিক্রেতাদের লবণ ক্রয়ের ভিড়। মধ্য বাজারে গোশাইপুর ইউনিয়নের বাদেঘোনাপাড়া গ্রামের রহিম উদ্দিনের ছেলে কৃষক আব্দুর রহিম মাথায় করে ২৫ কেজির এক বস্তা চিকন লবণ নিয়ে যাওয়ার সময় কথা হয় তার সাথে।
আরও পড়ুন: অধ্যক্ষকে পানিতে ফেলার ঘটনায় প্রধান আসামিসহ গ্রেফতার ৫
তিনি বলেন, ‘লবণের দর বৃদ্ধির কথা শুনে ২৫ কেজির বস্তা কিনেছি ৫০ টাকা কেজি দরে। পরে উত্তর বাজারের মুদি দোকানি জিয়ার আলীর দোকানে গিয়ে দেখা যায় তিনি ১৪ টাকা কেজির মোটা লবণ বিক্রি করছেন ২৮ টাকা কেজি। এছাড়া, অনেক দোকানিই বেশি দামে লবণ বিক্রি করেছে। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুর আহসান ও স্যানেটারি ইন্সপেক্টর মাসুদুর রহমান বাজার মনিটরিং করেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুর আহসান পাইকারি লবণ ব্যবসায়ীদের দোকান বন্ধ করে দেন এবং দোকানের সামনে লবণের খুচরা মূল্যের তালিকা লাগিয়ে দেন। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা গুজবে কান দিবেন না, বাজারে লবণের কোন প্রকার সংকট নাই।’
ইত্তেফাক/এএএম
