নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলন বুধবার, শহরে সাজসাজ রব

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১৮:৩০

দীর্ঘ পাঁচ বছর পর আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এদিন সকাল ১০টায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

এতে বিশেষ অতিথি থাকবেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি এবং সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল এমপি।

এ সম্মেলন সফল ও শান্তিপূর্ণভাবে শেষ করতে দলের জেলা কমিটির পাশাপাশি উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। চলছে ব্যাপক প্রচার-প্রচারণা ও মিছিল-মিটিং। সম্মেলকে ঘিরে চারিদিকে উৎসবের আমেজ ও সাজসাজ রব ছড়িয়ে পড়েছে। জেলা শহর মাইজদীসহ বিভিন্ন সড়কে শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। শহরের প্রধান ও সংযোগ সড়কের পাশে ভরে গেছে সম্মেলনে আগত অতিথি ও প্রার্থীদের ছবি সম্বলিত ডিজিটাল ব্যানার, পোস্টার ও ফেস্টুনে। জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু করে সার্কিট হাউজ, শহরের বড়বড় বিপনী বিতান, বেশকিছু ভবনে ও সড়কের পাশে এবং সম্মেলনস্থলে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। যেভাবে প্রস্তুতি চলছে তাতে ধারণা করা হচ্ছে লাখো মানুষের সমাগম হতে পারে সম্মেলনস্থলে। 

আরও পড়ুন: পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

এদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি পদে বর্তমান সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। এ পদে অন্য কোন প্রার্থীর নাম এখনোও শোনা যাচ্ছে না। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের মধ্যে বর্তমান সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপির পক্ষে তার সমর্থকরা ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। একই পদে অন্য প্রার্থী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র শহিদ উল্যাহ খাঁন সোহেলের পক্ষেও তার সমর্থরা প্রচারণায় মাঠে রয়েছেন। 

এছাড়াও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন বলে জানিয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহিন।

ইত্তেফাক/এএএম