রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- উত্তরখান ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো: আতিক (৪৫), একই ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো: সফুর উদ্দিন মৃধা (৬০), লালবাগ থানা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ জাযজু ও প্রচার সম্পাদক গোলাম মোস্তফা পিয়ার।
উত্তরা পশ্চিম থানা এলাকার ১২ নম্বর সেক্টর ৫ নম্বর রোডের ৬৫ নম্বর বাসা থেকে গতকাল শনিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে আতিক ও সফুরকে গ্রেফতার করে। ভাড়াটিয়া বাসা থেকে তাদেরকে পুলিশ গ্রেফতার করে।
উত্তরা পশ্চিম থানার ওসি মোঃ আলী হোসেন খান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে ১৫টি মামলা রয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার গভীর রাতে লালবাগের আব্দুল আজিজ লেনের বাসা থেকে থানা বিএনপির প্রচার সম্পাদক গোলাম মোস্তফা পিয়ারকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য থেকে পুলিশ আরেকটি বাড়িতে অভিযান চালিয়ে থানা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ জাযজুকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
অপরদিকে, শনিবার রাতে ভাসানটেক থানার পুলপাড় এলাকার বাড়ি থেকে থানা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া মাখনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
